চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: গ্যাসের ভর্তুকির নামে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। সিউড়ি থানার অন্তর্গত পুরন্দরপুর এলাকায় এক মহিলা গ্রাহকের মোবাইল ফোনে কল করে প্রতারকরা নিজেদের এইচপি গ্যাসের কর্মী বলে পরিচয় দেয়। অভিযোগ, গ্যাসের ভর্তুকির টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি বলে ওই মহিলাকে জানান। প্রতারকদের কথায় বিশ্বাস করে ওই মহিলা মোবাইলের স্ক্রিন শেয়ার করেন এবং ফোনে আসা ওটিপি নম্বর জানিয়ে দেন। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই মহিলার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুধু এই একজন নন ওই গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত প্রায় ৩০ জন গ্রাহক আগেও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি সামনে আসতেই এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট গ্যাস এজেন্সির পক্ষ থেকে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা সাইবার ক্রাইম দফতরেও অভিযোগ জানিয়েছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে এ ধরনের ফোন কল ও ওটিপি শেয়ার করা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।