চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বয়স মাত্র বত্রিশ। কিন্তু এই অল্প বয়সেই তাঁর ঝুলিতে রয়েছে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। উত্তর দিনাজপুরের দাড়িভিট আন্দোলনের সময় তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি, যার জেরে তাঁকে যেতে হয়েছিল শ্রীঘরেও। হ্যাঁ, উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার সেই তরুণ, লড়াকু ও তেজস্বী নেতা বিরাজ বিশ্বাসই (Biraj Biswas) এবার জায়গা করে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভায়। সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত মেগা অনুষ্ঠানে আরও ৩৪ জন বিধায়কের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। আর এই শপথগ্রহণের সঙ্গেই শুভেন্দু সরকারের সবচেয়ে কনিষ্ঠতম (Youngest) মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন বিরাজ।
করণদিঘির ভূমিপুত্র বিরাজ বিশ্বাসের রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস (RSS)-এর হাত ধরে। ছাত্রজীবনে তিনি যোগ দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপিতে (ABVP)। সেখানে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে ধাপে ধাপে পরিষদের সদস্য থেকে রাজ্য সম্পাদক পদে উন্নীত হন। পরবর্তীতে বাংলার গণ্ডি ছাড়িয়ে এবিভিপির সর্বভারতীয় সম্পাদক পদের মতো গুরুদায়িত্বও সামলেছেন তিনি। দলের প্রতি এই সততা ও আগাগোড়া দায়বদ্ধতাই বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নজরে এনেছিল তাঁকে।
ফলস্বরূপ, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল তাঁর ওপর ভরসা রেখে করণদিঘি আসন থেকে প্রার্থী করে। আর শীর্ষ নেতৃত্বের সেই ভরসা ষোলো আনা বজায় রেখে তৃণমূলের হেভিওয়েট বিদায়ী বিধায়ক গৌতম পালকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে বিধানসভায় পৌঁছন এই প্রাক্তন ছাত্রনেতা।
রাজনৈতিক মহলের মতে, বয়স এবং সংসদীয় অভিজ্ঞতা কম হলেও রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বাঘা বাঘা নেতাদের কুপোকাত করে বিরাজ নিজেকে একজন প্রকৃত ‘বাজিগর’ হিসেবে প্রমাণ করেছেন। ছাত্র রাজনীতির মাটি কামড়ে পড়ে থাকা লড়াইয়ের পুরস্কার হিসেবেই তিনি আজ সরাসরি ঠাঁই পেলেন রাজ্য মন্ত্রিসভায়।
সোমবার রাজভবনে শপথ নেওয়ার পর বিরাজ ঠিক কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও চূড়ান্তভাবে স্পষ্ট করা হয়নি। তবে নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দফতর বণ্টন সম্পন্ন করবেন এবং সেখানে উত্তরবঙ্গের এই তরুণ তুর্কিকে কোনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতিশীল দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে করণদিঘির ঘরের ছেলে খোদ রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ায় আনন্দে মেতে উঠেছে গোটা উত্তর দিনাজপুর জেলা। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই সীমান্তবর্তী এলাকায় এবার উন্নয়নের জোয়ার আসবে, এই আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।