চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অব্যবহিত পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিল অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। ‘মমতাপন্থী’ বলে পরিচিত অনীত থাপার দল পাহাড়ের তিনটি গুরুত্বপূর্ণ আসন—দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং—এ একক ভাবেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। দলের তরফে জানানো হয়েছে, দার্জিলিং বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজয়কুমার রাইকে। কালিম্পং আসনে ফের প্রার্থী হচ্ছেন গতবারের বিধায়ক রুদেন সদা লেপচা। অন্যদিকে কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে বিজিপিএমের ‘মোমবাতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমর লামা।
পাহাড়ে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা বিজিপিএমের, তিন আসনেই একক লড়াই pic.twitter.com/tEl7lYt01B
— BanglaJago Tv (@BanglaJagotv) March 16, 2026
বর্তমানে পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এবং দার্জিলিং পুরসভা বিজিপিএমের দখলেই রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে পাহাড়ের উন্নয়নের কাজও চালাচ্ছে অনীত থাপার দল। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই প্রস্তুতি শুরু করেছিলেন তারা। প্রার্থীদের নামও আগেভাগেই চূড়ান্ত করা হয়েছিল। রবিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই সেই তালিকা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজিপিএমই প্রথম দল হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করল বলে দাবি দলীয় সূত্রের। জানা গিয়েছে, দলের প্রত্যেক সদস্যের মতামত নিয়েই প্রার্থী বাছাই করা হয়েছে।
পাহাড়ে দেওয়াল লিখনের প্রচলন না থাকায় প্রার্থীদের নামে ব্যানার, ফ্লেক্স ও পোস্টার ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। মঙ্গলবার থেকে গোটা পাহাড়ে বিজিপিএমের পতাকা, পোস্টার ও ব্যানারে প্রচার শুরু হবে।