চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ফেব্রুয়ারির শেষ লগ্নে এসে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে শীতের। লেপ-কম্বল আলমারিতে ওঠার তোড়জোড় শুরু হতেই আবহাওয়ায় নতুন মোড়। একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে পারদ, অন্যদিকে বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই জোড়া ফলার প্রভাবে আগামী সপ্তাহেই ভিজতে চলেছে দুই বঙ্গ।আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের সরাসরি কোনো বড় প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়ার সম্ভাবনা কম, তবুও এর পরোক্ষ প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বাংলার বেশ কিছু জেলা।
আগামী রবিবারের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামসহ সমস্ত জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আগামী সপ্তাহ থেকেই ছবিটা বদলাবে। সোমবার দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশার রেশ আরও কিছুদিন বজায় থাকবে। শীতের আমেজ কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরের জেলাগুলিতেও সোমবার থেকে হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাধারণত বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে, তবে এবার সেই সম্ভাবনা ক্ষীণ। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যে শীত ফেরার কোনো আশা নেই। বরং আগামী কয়েক দিনে সর্বনিম্ন ও সর্বোচ্চ—উভয় তাপমাত্রাই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে বৃষ্টির হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।