ad
ad

Breaking News

West Bengal Weather

বৈশাখের চড়া রোদ ও ভ্যাপসা গরম, খামখেয়ালি আবহাওয়ায় নাজেহাল বঙ্গ

এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

bengal-weather-rain-heat-forecast

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গে গরমের দাপট বাড়লেও পশ্চিমের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ৬ এপ্রিল কালবৈশাখীর তাণ্ডবে ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত হলেও, রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি নেই বললেই চলে। বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের অবস্থানের কারণেই মূলত আবহাওয়ার এই রদবদল। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে বৃহস্পতিবার (১৯ থেকে ২৩ এপ্রিল) পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া-সহ পশ্চিমের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবারও কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। মঙ্গল ও বুধবার আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে পুনরায় পশ্চিমের জেলাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটি কিছুটা ভিন্ন। আগামী শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ, যা অস্বস্তি বাড়িয়েছিল। আগামী কয়েকদিনও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিকেলের দিকে কালবৈশাখীর ক্ষীণ সম্ভাবনা বজায় থাকবে। সব মিলিয়ে গরমে স্বস্তি না মিললেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে বাংলার কিছু প্রান্ত।