ad
ad

Breaking News

Bengal Weather

উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ! মাঘের শেষেও রাজ্যে শীতের আমেজ

সপ্তাহান্তের দিকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস

Bengal Weather Northern Winds Keep Winter Chill Alive

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মাঘের শেষলগ্নে বাংলার আবহাওয়ায় যেন লুকোচুরি খেলা চলছে। হাড়কাঁপানো শীত না থাকলেও, উত্তুরে হাওয়ার প্রত্যাবর্তনে রাজ্যজুড়ে বজায় রয়েছে মিঠে রোদের শিরশিরানি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের ধারা আপাতত অব্যাহত থাকবে। আগামী ৪-৫ দিন এই আমেজ বজায় থাকলেও শুক্রবার থেকে আবহাওয়ার ভোলবদল হতে পারে। সপ্তাহান্তের দিকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। তবে উপকূলীয় জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের কামড় কিছুটা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূমের মতো জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ায় রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই—কলকাতা থেকে শুরু করে দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান ও নদীয়া—ভোরের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যাবে। তবে আগামী সাতদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের এই বিদায়বেলার আমেজ বেশ প্রকট। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকলেও পার্বত্য এলাকায় পারদ অনেকটাই নেমেছে। জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা থাকলেও শীঘ্রই সেখানেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। আপাতত সমতলে বৃষ্টির ভ্রুকুটি না থাকলেও পাহাড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সব মিলিয়ে বসন্তের আগমনের আগে শেষবেলায় নিজের অস্তিত্ব জানান দিচ্ছে শীত, যা আরও দিন চারেক স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।