চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ফেব্রুয়ারির মাঝামাঝি পড়তেই বদলে যাচ্ছে বাংলার আকাশ-হাওয়ার মেজাজ। সকালের হালকা শিরশিরানি ছাড়া শীতের উপস্থিতি এখন প্রায় নামমাত্র। রোদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে, আর তার সঙ্গেই উষ্ণতার পারদও উঠছে একধাপ করে। আলিপুর আবহাওয়া দফতর-এর সাম্প্রতিক পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে স্বস্তির বিষয়—এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, আপাতত বৃষ্টির ভাবনা নেই, আকাশ থাকবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত এখন কার্যত ভোরের কুয়াশা আর সামান্য ঠান্ডায় সীমাবদ্ধ। বৃহস্পতিবারের পর থেকেই তাপমাত্রা আরও চড়তে পারে। ২০ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা মিলিয়ে প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহান্তে কলকাতার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমান—সব জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। সকালে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত শূন্য।
দক্ষিণে উষ্ণতার আমেজ বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আগামী কয়েক দিন ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আপাতত না হলেও, শনিবারের পর প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ।