ad
ad

Breaking News

weather

স্বস্তি দক্ষিণবঙ্গে! নির্দিষ্ট সময়ের ৮ ঘণ্টা আগেই ঝাড়খণ্ডে সরলো নিম্নচাপ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার গভীর রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়।

bengal-weather-low-pressure-moves-jharkhand-south-bengal

চিত্র- সংগৃহীত

AK Bangla 24×7 Digital: দুর্যোগের আশঙ্কা কিছুটা কাটল দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নির্ধারিত সময়ের প্রায় আট ঘণ্টা আগেই বাংলা ছেড়ে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার গভীর রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়। তবে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে।

মঙ্গলবার নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে সরে বিহারে প্রবেশ করতে পারে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমেছে। যদিও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আগের দিনের মতো ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দিনের বিভিন্ন সময়ে মেঘ সরলে রোদের দেখাও মিলতে পারে।

টানা বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রাও নেমেছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল সাড়ে ছ’টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬০.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।