ad
ad

Breaking News

Bengal Weather

ধেয়ে আসছে কালবৈশাখী, আজই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

লত বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে

Bengal Weather Kalbaishakhi Storms Bring Rain Relief

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: দক্ষিণবঙ্গজুড়ে প্যাচপ্যাচে গরমের দাপট কমিয়ে স্বস্তির বার্তা নিয়ে এল কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের পুরোটাই রাজ্যজুড়ে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মূলত বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ বিশেষ করে নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়বে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। কলকাতাতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।