চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বৃহস্পতিবারের অকাল বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও, সপ্তাহান্তে ফের ভ্যাপসা গরমে পুড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে একদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি চরমে পৌঁছাবে। তবে এই গরম থেকে সাময়িক মুক্তি মিলতে পারে রবিবার থেকে। আবহাওয়াবিদদের মতে, শনিবার রাতের পর থেকে নতুন করে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হবে, যার প্রভাবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে রবিবারের পর তাপমাত্রার পারদ ফের কিছুটা নামতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট এখনই কমছে না। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও রবিবার থেকে উত্তরবঙ্গে ফের বর্ষণের দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।