চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অবিরাম বর্ষণের পর অবশেষে স্বস্তির ইঙ্গিত, শনিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কমতে শুরু করবে নিম্নচাপের দাপট। তবে এই স্বস্তি এখনই পুরোপুরি বৃষ্টি থেকে মুক্তি দিচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম ও মুর্শিদাবাদ এই দুই জেলাতে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করার কারণে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতেই থাকবে (Bengal Weather)।
আরও পড়ুনঃ Daily Horoscope: মেষের সফলতার তুঙ্গে আর সিংহের ভাগ্যোদয়! নতুন সুযোগ আর পদোন্নতির হাতছানি
রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কমবে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির আর কোনো আশঙ্কা নেই। এরপর সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়াসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলিতে বাতাসের গতিবেগ ৩৫ থেকে ৪৫, সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা; আগামী ২৪ ঘণ্টা তাঁদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে (Bengal Weather)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
দক্ষিণবঙ্গে যখন বৃষ্টি কমছে, ঠিক তখনই উত্তরের জেলাগুলিতে বাড়তে চলেছে দুর্যোগ। উত্তরবঙ্গে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর—এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কোনো কোনো জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের এই বৃষ্টিপাতের রেশ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অতএব, পাহাড় থেকে সমতল, রাজ্যবাসীকে আগামী কয়েক দিন সতর্ক থাকতে এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে (Bengal Weather)।