চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক নদীর জলস্তর বাড়ছে। এর মধ্যে ডিভিসি জল ছাড়ায় পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার নদী সংলগ্ন এলাকাগুলিতে সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন। আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়া-সহ বেশ কিছু এলাকায় জলবন্দি পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বর্ষণ বাড়ার সম্ভাবনা।
মঙ্গলবার বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। লাগাতার বৃষ্টিতে কোপাই নদীর জল বেড়ে বীরভূমের কঙ্কালীতলা মন্দির চত্বরও জলমগ্ন হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে।