চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরাম নেই। এরসঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদও চড়েছে। গত কয়েকদিনে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এই পরিস্থিতিতে আশার খবর শোনাল হাওয়া অফিস। জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Bengal Rain Alert)।
আরও পড়ুন: Daily Horoscope Today: আজকের রাশিফল: চিন্তা, সুযোগ ও পরিবর্তনের ইঙ্গিত নিয়ে দিনটি কেমন কাটবে আপনার?
রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম—এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এখনই কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। এদিকে, সমুদ্র পরিস্থিতি এখন স্বাভাবিক থাকায় মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে (Bengal Rain Alert)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। একইসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাহাড়ি ও তরাই অঞ্চলের মানুষদের তাই বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে রাজ্যের দুই বঙ্গেই আপাতত বৃষ্টি অব্যাহত থাকবে (Bengal Rain Alert)।