চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় আদালতে চার্জশিট পেশ করল বিশেষ তদন্তকারী দল। ঘটনার ৫৭ দিনের মাথায় বারুইপুর বিশেষ পকসো আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার অভিযুক্তের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্ত এবং অন্যান্য ফরেন্সিক তথ্য থেকে নাবালিকার উপর যৌন নির্যাতন ও হত্যার প্রমাণ মিলেছে। মামলার তদন্ত দ্রুত শেষ করতে আগেই সিট গঠন করা হয়েছিল। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ-সহ একাধিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছেন।
গত ৫ জুলাই বারুইপুরের ধপধপি-২ পঞ্চায়েত এলাকার ১২ বছরের এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। তদন্তে শেষবার তাকে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের সঙ্গে দেখা গিয়েছিল বলে দাবি পুলিশের।
ঘটনায় প্রথমে প্রভাস-সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের সময় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয় বলে জানিয়েছিল পুলিশ। সেই ঘটনার পৃথক তদন্তও চলছে।
নাবালিকার মৃত্যুর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়। মূল মামলায় চার্জশিট জমা পড়ায় এবার দ্রুত বিচারপ্রক্রিয়া এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে।