চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: রাতের শহরে আনন্দ ভ্রমণ কিংবা ‘জয়রাইড’। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল আতঙ্কে। ব্যারাকপুরের লাটবাগানে সোমবার গভীর রাতে হঠাৎ করেই একটি চলন্ত গাড়ি থেকে চলল গুলি। তাও আবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দফতরের একেবারে সামনে! আচমকা গুলির শব্দে চমকে ওঠেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর যায় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ব্যারাকপুর থানার পুলিশ। অভিযানে আটক করা হয় তিন যুবককে। তাদের মধ্যে একজন আইন বিভাগের ছাত্র বলে জানা গেছে। তিনজনেরই বাড়ি খড়দহ এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ (Barrackpore)।
আরও পড়ুনঃ Donald Trump: নিরাপত্তায় অতিরিক্ত কড়াকড়ি, ট্রাম্পের কারণে বিলম্ব ইউএস ওপেন ফাইনালে
রবিবার গভীর রাতে হঠাৎই গুলির শব্দে কেঁপে উঠল ব্যারাকপুরের চিড়িয়ামোড় এলাকা। জনমানবহীন রাস্তায় আচমকা একের পর এক গুলির আওয়াজ ছড়িয়ে পড়ে এলাকায় চরম আতঙ্ক। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা শুরু করেন তদন্ত। পুলিশ সূত্রে খবর, ওই রাতে স্থানীয় একটি পানশালায় বসে মদ্যপান করেছিলেন তিন যুবক—যাঁদের নাম আরমান আনসারি, শাহআজ আনসারি এবং বিশ্বজিৎ তিওয়ারি। তাদের মধ্যে আরমান একজন আইনের ছাত্র। মদ্যপান শেষে গভীর রাতে এলাকায় ফেরার পথে আচমকাই তারা শূন্যে একাধিক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। পরপর গুলির আওয়াজে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় (Barrackpore)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
ঘটনার পর তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ উদ্ধার করেছে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি তাজা গুলি। কীভাবে আগ্নেয়াস্ত্র এল তাদের হাতে, তা নিয়ে জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক জেরায় ধৃতরা দাবি করেছে, “এটা শুধুই খেলার ছলে করা হয়েছিল।” তবে পুলিশের সন্দেহ, এই ঘটনার পিছনে গভীরতর কোনও উদ্দেশ্য থাকতে পারে। তাই ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ধৃত তিনজনই উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাতের শহরে এমন ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বলেই মনে করছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই চিড়িয়ামোড় এবং সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা (Barrackpore)।