গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: “বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত্তি।” উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে ন্যাচারাল গ্যাস প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। এই প্রকল্পের জন্য ১,০১৭ কোটি টাকা ব্যয় হবে। এর ফলে উপকৃত হবেন আলিপুরদুয়ার এবং কোচবিহারের বাসিন্দারা।
উদ্বোধনের পর মোদি বলেন, “বাংলার বিকাশ ভারতের ভবিষ্যতের ভিত্তি। আজ মজবুত ইট গড়ার দিন। আমরা মঞ্চ থেকে আলিপুরদুয়ার, কোচবিহারের সিটি গ্যাসের শুভারম্ভ করলাম। পাইপলাইনের মাধ্যমে আড়াই লক্ষ মানুষ সুবিধা পাবেন। সিলিন্ডার কেনার দিন শেষ হয়ে যাবে। সিএনজি স্টেশনের ফলে পয়সা খরচ কম হবে। সময় বাঁচবে। পরিবেশ বাঁচবে।”
তিনি আরও বলেন, “২০১৪ সালে ১৪ কোটির থেকে কম এলপিজি ছিল। এখন ২১ কোটি হয়েছে। সরকার কোণায় কোণায় গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মজবুত করেছে। এলপিজি ডিস্ট্রিবিউশন বেড়েছে। গ্রামে গ্রামে গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে। ভারত সরকার পাইপলাইন বিছানো থেকে সব কাজ করছে।”
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলার উন্নয়নের কথাও। নরেন্দ্র মোদি বলেন, “বাংলা ভারতীয় সংস্কৃতির একটা বড় দিক। বাংলা ছাড়া কিছুই সম্ভব নয়। কেন্দ্র সরকার দশ বছরে হাজার কোটি টাকার প্রকল্প করেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নতি করা হচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলার বিকাশের কাজ চলছে। এই একটা পাইপ লাইন নয়, প্রগতির একটা দিক বাংলায় বিকশিত হচ্ছে।” বাংলা সফরে এসে পশ্চিমবঙ্গের উন্নয়নের দিকেই মূল অভিমুখটি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।