চিত্র- সংগৃহীত
AK Bangla Desk: বুধবার প্রশাসনিক কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বালুরঘাট সফর। প্রশাসনিক বৈঠক, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং পর্যালোচনা বৈঠকের ব্যস্ত সূচির মাঝেই থাকছে একটু অন্যরকম পর্ব। এদিন দুপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আগমন ঘিরে সুকান্তের বাড়িতেও চলছে বিশেষ প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর জন্য রান্নার দায়িত্ব নিয়েছেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। নিজের হাতেই তিনি তৈরি করবেন একের পর এক বাঙালি পদ। আর সেই মেনুতেই রয়েছে চমক। দুপুরের খাবারে শুরুতেই থাকবে সাদা ভাত, বেগুনি, শুক্তো, পোস্ত, মুসুর ডাল এবং সবজি। মাছের পদেই থাকছে একাধিক বৈচিত্র্য। দক্ষিণ দিনাজপুরের আত্রেয়ী নদীর রাইখোর মাছ রাখা হয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে। সঙ্গে থাকবে ময়া মাছের চচ্চড়ি, কাতলা কালিয়া এবং ইলিশ মাছ। এরপর থাকবে পোলাও, দেশি মুরগির মাংস এবং খাসির মাংস।
শেষ পাতে চাটনি ও রসগোল্লার সঙ্গে রাখা হয়েছে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী নয়াবাজারের দই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজে একদিকে যেমন থাকবে ঘরোয়া বাঙালি রান্না, তেমনই দক্ষিণ দিনাজপুরের নিজস্ব স্বাদের ছোঁয়াও। মুখ্যমন্ত্রীর এই সফর অবশ্য শুধুই মধ্যাহ্নভোজ ঘিরে নয়। বুধবার বালুরঘাটে প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই অনুমোদন পাওয়া প্রকল্পগুলির কাজ কতদূর এগিয়েছে এবং যেসব প্রকল্প এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেগুলির বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হবে।
এছাড়াও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিতেও মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে প্রশাসনিক দিক থেকেও এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার বালুরঘাটে আসছেন বলেই তাঁকে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।