ad
ad

Breaking News

Hili

ফজল্লাপুরে প্রতিবেশীর কোদালের আঘাতে বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য হিলি ব্লকে

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রামেশ্বর মাহাতো মাঠে গিয়েছিলেন।

balurghat-murder-hili-neighbor-attack-rameshwar-mahato

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ফজল্লাপুর এলাকায় প্রতিবেশীর কোদালের আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রামেশ্বর মাহাতো (৬২)। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জগদীশ মাহাতোর বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে রামেশ্বর মাহাতো মাঠে গিয়েছিলেন। সেই সময় কোনও বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী জগদীশ মাহাতোর সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, বচসার এক পর্যায়ে জগদীশ মাহাতো কোদাল দিয়ে রামেশ্বর মাহাতোর মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখে পরিবারের সদস্যদের খবর দেন। এরপর রামেশ্বর মাহাতোর আত্মীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট পুলিশ মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।

মৃতের ছেলে দিলীপ মাহাতো জানান, “বাবা মাঠে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্তের সঙ্গে বিবাদ হয়। এরপর বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে আমরা বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।” তিনি আরও বলেন, “এই ঘটনায় আমরা থানায় অভিযোগ জানিয়েছি। বাবার মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কঠোর শাস্তি চাই।” ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে।