চিত্রঃ নিজস্ব
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট ক্যাথলিক চার্চেও মহাসমারহে পালিত হচ্ছে যীশুখ্রীষ্টের জন্ম উৎসব। ২৫ ডিসেম্বর প্রার্থনা উপলক্ষে সকাল থেকে এই চার্চে প্রচুর ভক্তের সমাগম হয়। এবছর যীশুখ্রীষ্টের ২০২৫ তম জন্ম উৎসব পালিত হচ্ছে বলে এ বছর বিশেষ প্রার্থনার ও আয়োজন করা হয়েছে এই চার্চের পক্ষ থেকে । বুধবার রাতে প্রার্থনা শেষ করে বৃহস্পতিবার সকালে আবার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজন ২৫শে ডিসেম্বরের প্রার্থনা সভায় যোগদানের লক্ষ্যে চার্চে এসে ভিড় জমান। যীশুখ্রীষ্টের জন্ম দিবস খুব সুন্দর করে সাজানো হয়েছে এই চার্চ টিকে। এ বছরে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের শীতলতম দিন।
৯.৫ ডিগ্রী শীতকে উপেক্ষা করে সকাল থেকেই প্রচুর খিষ্ট ধর্মাবলম্বী মানুষজন এই চার্চে ভিড় জমান। ফাদার সকলকে যিশুখ্রিস্টের আত্ম বলিদান এর কথা স্মরণ করিয়ে প্রার্থনায় মেতে ওঠেন। জানা গেছে সারাদিন ধরেই প্রচুর দর্শনার্থীর ভিড় হবে এই চার্চে। সেই কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই বিশেষ প্রার্থনা সবাইকে কেন্দ্র করে এই চার্চের পার্শ্ববর্তী এলাকায় ছোটখাটো মেলারও আয়োজন। এই প্রসঙ্গে এক ভক্ত মিতালী সরেন বলেন বছর বছর প্রার্থনা সারতে আমরা এই চার্চে ভিড় জমাই। বুধবার রাতেও প্রার্থনা করতে এখানে এসেছিলাম। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে সারাদিনব্যাপী প্রচুর আনন্দ করব বিকেল বেলাতেও বান্ধবীদের সাথে এখানে আসার ইচ্ছে আছে।
আর এক ভক্ত সুচিত্রা মার্ডি বলেন প্রভু যীশুর জন্মদিন এটাই আমাদের একমাত্র আনন্দ উৎসব। প্রভুর প্রার্থনার মাধ্যমে দিনটি কাটাবো। পাশাপাশি আমাদের প্রত্যেকের বাড়িতে খাওয়া দাওয়া হবে। আমরা বিভিন্ন জনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করব। পাশাপাশি সুচিত্রা দেবী সারা বিশ্বের শান্তি কামনা করে তারা প্রার্থনা করবেন বলে জানিয়েছেন। আনন্দ উৎসব, প্রার্থনা এবং মিলন উৎসবের মধ্যে দিয়ে আজকের দিনটি বালুরঘাটের খ্রিস্টধর্মাবলম্বী মানুষজন পালন করবে বলে জানা গেছে।