ad
ad

Breaking News

Balurghat

জোড়া পথদুর্ঘটনায় বালুরঘাট-হিলিতে প্রাণ গেল দুইজনের

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নয়নের বাইকের।

balurghat-accident-two-killed-road-mishaps

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: রঙের উৎসবের দিনই ছড়িয়ে পড়ল শোকের রং। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লক ও হিলি ব্লকে পৃথক দুই পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবক ও এক মহিলার।
প্রথম ঘটনাটি ঘটে হিলি থানার ত্রিমোহিনীর ডাবরা এলাকায়, মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নয়ন মণ্ডল (২৭)। তিনি ত্রিমোহিনীর চকমোহন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নয়নের বাইকের। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে হিলি থানার পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।অন্যদিকে, বালুরঘাট ব্লকেও ঘটেছে আর একটি মর্মান্তিক দুর্ঘটনা। মৃতার নাম সান্তনা মণ্ডল (৪৫)।

তিনি বালুরঘাটের ডাকবাংলা পাড়ার বাসিন্দা। গত রবিবার ছেলের সঙ্গে বাইকে করে যাওয়ার সময় তপন থানার দাঁড়াল হাট এলাকায় আচমকা চলন্ত বাইক থেকে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট পান।প্রথমে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মালদায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে মালদা নিয়ে যাওয়ার পথেই বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। এদিন দুপুর ২টো নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।দুই দুর্ঘটনায় শোকস্তব্ধ সংশ্লিষ্ট এলাকা। উৎসবের আবহের মাঝেই হঠাৎ নেমে এসেছে নীরবতা।