চিত্রঃ নিজস্ব
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: বহরমপুরে বড়সড় সাফল্য সাইবার ক্রাইম থানার পুলিশের। আর্থিক প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড এবং ১২১টি এটিএম কার্ড।মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং জানান, ধৃতদের নাম — মিনহাজ সেখ, সিফাত সেখ, শান সেখ, রবি সেখ, সোনারুল সেখ, ফিরোজ সেখ এবং মহম্মদ আরিফ খান। এদের মধ্যে চার জন বাংলাদেশের নাগরিক, আর বাকি তিন জনের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা এলাকায় (Baharampur)।
আরও পড়ুনঃ কবিগুরুর তুলির স্পর্শে শিল্পের নবজাগরণ
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বহরমপুর সাইবার ক্রাইম থানা ও বড়ঞা থানার যৌথ অভিযান চালিয়ে ধৃতদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বড়ঞার তিন বাসিন্দা—সোনারুল সেখ, ফিরোজ সেখ এবং মহঃ আরিফ খান—এই প্রতারণা চক্রের মূলচক্রী। তাঁরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেনের জাল তৈরি করেছিল।অন্যদিকে, মিনহাজ, সিফাত, শান ও রবি এই চার জন বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছে ধৃতরা। তারা কীভাবে ভারতে প্রবেশ করল, কতদিন ধরে এখানে ছিল, এবং কোন উদ্দেশ্যে এই প্রতারণা চালাচ্ছিল—সবকিছুই এখন তদন্তের আওতায়।বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে বৃহত্তর আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে (Baharampur)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/