ad
ad

Breaking News

Bardhaman

ভর সন্ধ্যায় মহিলা স্বাস্থ্যকর্মীর উপর হামলা, মানকর হাসপাতালের কোয়ার্টারে চাঞ্চল্য

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের উদ্দেশ্য লুটপাট ছিল নাকি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

Attack on female health worker in the evening, tension in Mankar Hospital quarters

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: শুক্রবার সন্ধ্যায় বর্ধমান জেলার মানকর হাসপাতালের আবাসনে ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা। নিজের কোয়ার্টারে বিশ্রাম নেওয়া অবস্থায় আততায়ীদের হামলার শিকার হলেন মহিলা স্বাস্থ্যকর্মী দীপ্তিকণা চৌধুরী। আততায়ীরা ধারালো অস্ত্র নিয়ে কোয়ার্টারে প্রবেশ করে তাঁকে খুনের চেষ্টা চালায়।

ঘটনার বিবরণ অনুযায়ী, কাজ সেরে নিজের কোয়ার্টারে ফিরে বিশ্রাম করছিলেন দীপ্তিকণা দেবী। সন্ধ্যা নাগাদ আচমকাই দুই দুষ্কৃতী বারান্দা টপকে তাঁর ঘরে ঢুকে পড়ে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। দীপ্তিকণা দেবীর চিৎকার শুনে আবাসনের অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা পালিয়ে যায়।

জখম অবস্থায় প্রতিবেশীরা দীপ্তিকণা দেবীকে মানকর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর হাসপাতাল আবাসনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। সরকারি আবাসনের ভিতরে এমন একটি ভয়ঙ্কর ঘটনার কারণে আবাসনের অন্যান্য বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। চিকিৎসক এবং কর্মীরা নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের উদ্দেশ্য লুটপাট ছিল নাকি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ধরতে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা।

হাসপাতাল এবং এলাকাবাসীদের মধ্যে এই ঘটনায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।