নিজস্ব চিত্র
Bangla Jago Desk: শনিবার সকালবেলা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গ্যারাজে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাংকার আচমকাই বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অন্তত ৭ জন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল বাস ও দুটি লরি। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার বিবরণ অনুযায়ী, গ্যাস ট্যাংকারটি গ্যারাজে কিছু যান্ত্রিক কাজ করানোর জন্য দাঁড়িয়েছিল। সেই সময় কোনওভাবে গ্যাস লিক করে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই বিকট আওয়াজে বিস্ফোরিত হয় গোটা ট্যাংকারটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশেই দাঁড়িয়ে থাকা একটি স্কুলের গাড়ি এবং দুটি ভারী লরিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের অভিঘাতে গ্যারাজের ছাদ, পাশের বাড়ির জানালাও ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ এবং ন্যাশনাল হাইওয়ের টিম। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী ইন্দ্রজিৎ ভৌমিক বলেন, “একটা ভয়ানক শব্দ হয়। আমরা ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। এরপর দেখি আগুন আর ধোঁয়ার কুণ্ডলী। দৌড়ে গিয়ে দেখি ট্যাংকারটা উড়ে গেছে, পাশে গাড়িগুলোও পুড়ছে। মানুষ ছুটোছুটি করছে।”
এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। কী কারণে এই বিস্ফোরণ, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগ। পাশাপাশি গ্যারাজ কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। গ্যাস পরিবহনের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে সর্বত্র।