চিত্র- AI
Bangla Jago Desk: অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই প্রকল্পে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন করা যাচ্ছে। তবে আবেদন করার পর অনেকের মনেই প্রশ্ন, ফর্ম জমা পড়েছে ঠিকমতো? আবেদন গ্রহণ হয়েছে কি না? টাকা পাওয়ার তালিকায় নাম উঠেছে কি? এই সব তথ্য জানা যাবে ঘরে বসেই, মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই। আবেদনের স্ট্যাটাস জানতে প্রথমে যেতে হবে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা—https://socialregistry.wb.gov.in//। সেখানে গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ অপশনটি বেছে নিতে হবে। এরপর নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর এবং নথিভুক্ত মোবাইল নম্বর লিখতে হবে। তারপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ বা সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাবে। আবেদন সফল হয়েছে কি না, কোনও ত্রুটি রয়েছে কি না—সব তথ্য ওই পোর্টাল থেকেই জানা যাবে।
যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন করেননি, তাঁদের জন্যও ফর্ম পূরণের আগে প্রয়োজনীয় তথ্য ও নথি জেনে রাখা জরুরি। ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, লিঙ্গ, আধার নম্বর এবং ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত তথ্য দিতে হবে। এরপর লিখতে হবে পরিবারের সদস্য সংখ্যা, সম্পূর্ণ ঠিকানা এবং যোগাযোগ নম্বর। পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্যও ধাপে ধাপে উল্লেখ করতে হবে। দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, ভোটার কার্ড বা এপিক নম্বর এবং জাতি সংক্রান্ত তথ্য। পাশাপাশি রেশন কার্ড, বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানা, যানবাহন, স্বাস্থ্যবিমা এবং আয়কর সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে।
শুধু তাই নয়, পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্য জমা দেওয়াও বাধ্যতামূলক। কর্মসংস্থানের ধরন, শিক্ষাগত যোগ্যতা, পরিবার জিএসটি-র আওতায় পড়ে কি না, কেউ সরকারি পেনশনভোগী কি না, কিংবা পরিবারের কোনও সদস্য রাজনৈতিক পদে রয়েছেন কি না—এই সব তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে। ফর্মের শেষের দিকে সিএএ, এসআইআর সংক্রান্ত তথ্যের পাশাপাশি আবেদনকারী বা তাঁর পরিবার অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পান কি না, সেটিও জানাতে হবে। পরিবারের শিশুরা কোন স্কুলে পড়ে এবং কোথা থেকে টিকাকরণ হয়েছে, সেই তথ্যও চাওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফর্ম পূরণের পর কোনও আবেদন বাতিল হলে তার কারণ সংশ্লিষ্ট আধিকারিককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য আগামী ৩ মাসের মধ্যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার।