ad
ad

Breaking News

Adhir Assets

এত কোটি সম্পত্তি অধীরের? হলফনামায় চোখ কপালে ওঠা তথ্য

বিধানসভায় ফেরার লড়াইয়ে নেমেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা

Adhir Chowdhury Files Nomination, Declares ₹7.2 Crore Assets

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হারের ধাক্কা কাটিয়ে ফের বিধানসভা নির্বাচনের ময়দানে অধীররঞ্জন চৌধুরী। বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী, বহরমপুর লোকসভা কেন্দ্রের এই প্রাক্তন পাঁচবারের সাংসদের সম্পত্তির পরিমাণ এবং তাঁর বিরুদ্ধে থাকা আইনি মামলার খতিয়ান প্রকাশ্যে এসেছে।

অধীর চৌধুরীর স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি ২০ লক্ষ টাকার বেশি। তাঁর হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তির অর্থমূল্য ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৪০ হাজার ৬০২ টাকা। তাঁর কাছে বর্তমানে নগদ ৯৪ হাজার ৫০০ টাকা রয়েছে এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংসদ ভবনের শাখায় ৬ লক্ষ ১৮ হাজার ৭৬৯ টাকা জমা আছে। তাঁর ২০০ গ্রাম সোনা রয়েছে যার বর্তমান বাজারমূল্য ২৭ লক্ষ ৬০ হাজার টাকা। তাঁর স্ত্রীর আর্থিক অবস্থাও বেশ মজবুত। অতসী চ্যাটার্জি চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ৫ কোটি ৬০ লক্ষ টাকা এবং তাঁর কাছে ১ কোটি টাকার বেশি মূল্যের ৭৩০ গ্রাম সোনা রয়েছে।

আয়ের হিসেবে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে অধীর চৌধুরী ১১ লক্ষ ৮৫ হাজার ২২০ টাকা আয় করলেও ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ হাজার ৭০ টাকায়। অন্যদিকে তাঁর বিরুদ্ধে মোট ৫টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে বেআইনি জমায়েত, গোষ্ঠী সংঘর্ষে উস্কানি দেওয়া এবং তদন্তকারী আধিকারিককে হুমকির মতো অভিযোগ রয়েছে।

রাজনৈতিক কেরিয়ারের নিরিখে এটি অধীর চৌধুরীর জন্য একটি বড় পরীক্ষা। ১৯৯৬ সালে নবগ্রাম থেকে জেতার পর দীর্ঘ ৩০ বছর পর তিনি ফের বিধানসভা নির্বাচনে লড়ছেন। ১৯৯৯ থেকে টানা পাঁচবার লোকসভায় জিতলেও গত বছর তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে প্রায় ৮৫ হাজার ভোটে পরাজিত হন তিনি। এবার নিজের খাসতালুক বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভায় ফেরার লড়াইয়ে নেমেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।