ad
ad

Breaking News

Abhishek Banerjee

হঠাৎ স্কুলে হাজির অভিষেক, খুদে পড়ুয়াদের আবদারে ডিজিটাল ক্লাসরুমের প্রতিশ্রুতি সাংসদের

আচমকা এমন অতিথি পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা তাঁকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানায়। হাসিমুখে সেই ফুল গ্রহণ করেন অভিষেক।

Abhishek Banerjee Visits Primary School in Balurghat

চিত্র: নিজস্ব

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: পরিযায়ী শ্রমিক অসিত সরকারের বাড়িতে যাওয়ার সূত্রে বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের লক্ষ্মীপুর এলাকায় পা রাখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বাড়ি পরিদর্শনেই সীমাবদ্ধ থাকেননি তিনি। এলাকার একটি প্রাথমিক স্কুলে ঢুকে সেখানকার কচিকাচাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দিলেন সাংসদ। আচমকা এমন অতিথি পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা তাঁকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানায়। হাসিমুখে সেই ফুল গ্রহণ করেন অভিষেক (Abhishek Banerjee)।

স্কুলের প্রায় ৭০ জন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন সাংসদ। তাদের পড়াশোনা, খেলার কথা শোনেন। শুধু তাই নয়, প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেন চকলেট। মুহূর্তের মধ্যে স্কুল চত্বর ভরে ওঠে আনন্দ আর কোলাহলে। কচিকাচাদের আবদারেও সাড়া দেন তিনি। স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম তৈরির দাবি জানালে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দেন সাংসদ (Abhishek Banerjee)।

এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মোহিত ঘোষ বলেন, “সাংসদ যখন আমাদের এলাকায় আসেন, তখন আমরা ছাত্রছাত্রীদের নিয়ে তাঁকে স্বাগত জানাই। বাচ্চারা নিজেরাই গোলাপ ফুল তুলে দিতে চেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব আন্তরিকতার সঙ্গে তাদের কথা শোনেন এবং চকলেট দেন। দীর্ঘদিন ধরেই আমাদের স্কুলে একটি ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন ছিল। সেই কথা সাংসদকে জানালে তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। প্রত্যন্ত এলাকার স্কুলের পাশে দাঁড়ানোর এই মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই (Abhishek Banerjee)।”

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই ধরনের সংক্ষিপ্ত হলেও মানবিক সফর কেবল শিশুদের মনোবল বাড়ায় না, গ্রামীণ শিক্ষাব্যবস্থার দিকেও নতুন করে নজর টানে। লক্ষ্মীপুরের ওই প্রাথমিক স্কুলে বুধবারের দুপুর তাই পড়ুয়াদের কাছে স্মরণীয় হয়ে রইল।