ad
ad

Breaking News

Ratna Debnath

“এখানে বিচার শুরু হয়েছে, বিগত সরকারের আমলে পাইনি!” বারুইপুর এনকাউন্টার নিয়ে সরব অভয়ার মা

তাঁর বক্তব্য, বারুইপুর-কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে

Ratna Debnath Reacts To Baruipur Encounter

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু ঘিরে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই এবার মুখ খুললেন অভয়ার মা তথা পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর বক্তব্য, বারুইপুর-কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আর জি কর-কাণ্ডে তাঁরা এখনও বিচার পাননি। তৃণমূল জমানায় আর জি কর-কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। হাসপাতালের মধ্যেই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। কিন্তু মৃতার পরিবারের অভিযোগ, সেই ঘটনায় এখনও পূর্ণ বিচার মেলেনি। তৎকালীন সরকার ও পুলিশের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা-মা। তাঁদের দাবি ছিল, ঘটনার প্রকৃত সত্য চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।

রাজ্যে পালাবদলের পর বারুইপুর-কাণ্ডে পুলিশের দ্রুত পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রত্না দেবনাথ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এর মধ্যেই ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় এক অভিযুক্ত পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিশের। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে রত্না দেবনাথ বলেন, “এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত সরকারের আমলে আমরা যেমন এখনও বিচার পাইনি। আমাদের মুখ্যমন্ত্রী শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, পুলিশ ভালো করেছে। একজন ধর্ষক শেষ হয়েছে। এভাবে যদি পদক্ষেপ করা হয়, তাহলে হয়তো আগামী দিনে বাচ্চা মেয়েদের বাঁচানো যাবে।” রত্না দেবনাথের বক্তব্যে স্পষ্ট, আর জি কর-কাণ্ডের বিচার না পাওয়ার যন্ত্রণা এখনও তাঁর মনে তাজা। সেই জায়গা থেকেই বারুইপুর-কাণ্ডে সরকারের দ্রুত পদক্ষেপকে তিনি স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হলে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।