চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে বর্ধমানে রাজনৈতিক উত্তেজনা ছড়াল বিহার নম্বর প্লেটের ৫৫টি বাইক ঘিরে। শুক্রবার গভীর রাতে মালগাড়িতে করে বিহারের রাজেন্দ্র নগর স্টেশন থেকে আসা বাইকগুলি বর্ধমান রেল স্টেশন সংলগ্ন পার্সেল গোডাউনে পৌঁছায়। রেল সূত্রে জানা গিয়েছে, বাইকগুলি পূর্ব বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তার নামে ইস্যু করা হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তাঁর নেতৃত্বে তৃণমূল কর্মী-সমর্থকেরা পার্সেল গোডাউনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভস্থলে তন্ময় সিংহ রায় অভিযোগ করেন, বিধানসভা ভোটের আগে পরিকল্পিত ভাবে বাইরের রাজ্য থেকে বিহার নম্বরের বাইক এনে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। তাঁর দাবি, বাংলাকে টার্গেট করে এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। বিজেপি নেতা সুনীল গুপ্তা কেন বিহার নম্বরের এতগুলি বাইক বর্ধমানে আনালেন, তার উপযুক্ত তথ্য-সহ জবাব দিতে হবে।
অন্য দিকে, বিজেপি নেতা সুনীল গুপ্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজের সূত্রে তিনি বর্তমানে বাইরে রয়েছেন। এই বিষয়ে তিনি পরে বিস্তারিত জানাবেন বলেও জানান। তবে কেন তাঁর নামে ৫৫টি বাইক বিজেপি শাসিত রাজ্য বিহার থেকে এল তা নিয়ে কোন মন্তব্য করেনি সুনীল গুপ্তা। এই প্রসঙ্গে পার্সেল গোডাউনের রিসিভিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, শুক্রবার রাতে মালগাড়িতে করে মোট ৫৫টি বাইক গোডাউনে আসে এবং সংশ্লিষ্ট নথি অনুযায়ী সেগুলি সুনীল গুপ্তা নামে ইস্যু করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর পার্সেল গোডাউনের সামনে ছড়িয়েছে উত্তেজনা। কে বা কারা এই বাইকগুলি বর্ধমানে পাঠাল তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।