ad
ad

Breaking News

Birbhum

লোকপুরে পেটের অসুখে মৃত ২, অসুস্থ ১২

বমি, পায়খানা, পেট ব্যথা, খিঁচুনি উপসর্গ নিয়ে মৃত্যু হল দুজনের।

2 dead, 12 sickened due to stomach ailment in Lokpur

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বমি, পায়খানা, পেট ব্যথা, খিঁচুনি উপসর্গ নিয়ে মৃত্যু হল দুজনের। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর চার নম্বর সংসদের থান্দের পাড়ায়। খবর পেয়ে, ব্লক স্বাস্থ্য দপ্তর, স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন ওই এলাকায় পৌঁছায়। সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির তৈরি করেছে, এর সঙ্গে সকল মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, গত ৮ই নভেম্বর উক্ত উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হন অঞ্জনা বাউরী (২৮ )। চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাকড়াকোন্দা নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাবার পথে মৃত্যু হয়। এরপর ১২ ই নভেম্বর আক্রান্ত সরস্বতী বাউরীকে (৪৫) সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ১৩ ই নভেম্বর তিনি মারা যান। এছাড়াও নেপু বাউরি(৬০), রেনু বাউরি(১৮ ), বর্ষা বাউরী(১৫ ) সিউড়ি সদর হাসপাতালে ওই একই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।

বুধবার বিকালে নাকড়াকোন্দা বি.এম.ও.এইচ ডাক্তার সব্যসাচী রায় সহ মেডিকেল টিম এসে চিকিৎসা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। অনুমান, স্থানীয় পুকুরের জল ব্যবহার করার জন্য এ ধরনের ঘটনা হয়ে চলেছে। বর্তমানে স্থানীয় পুকুর সীল করা হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েল এর জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে ও.আর.এস সহ অন্যান্য ঔষধপত্র বিতরণ করা হয়েছে।