Bangla Jago Desk: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার, শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ- তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি। যার ফল শেখ হাসিনা ভোগ করছেন। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এরকমই হয়। রবিবার সকালে টাঙাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। মওলানা ভাসানীর জন্ম না হলে এ ভুখণ্ডে পাকিস্তানের জন্ম হত না, আর পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হত না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হত না। সেই মাওলানার অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তিনি আরও বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। পরিবর্তনে মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তা নিয়ে তাঁরা বাজারে যেতে পারছেন না, স্ত্রী-পুত্র পরিবার নিয়ে ভালভাবে খেতে পারছেন না।
যাঁরা সরকার চালাচ্ছেন, তাঁদেরকে অনুরোধ করব, তাঁরা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। যাঁরা ছিলেন তাঁদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাঁদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাঁদের এই দেশের জন্য অবদান আছে, তাঁদেরকে যথাযথযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। অতীতকে বর্জন করে, অস্বীকার করে, যদি কেউ পরিবর্তনের সুফল পেতে চায়, তাহলে আহাম্মকের স্বর্গে বাস করছে। দু’দিন পরে তাঁদেরকেও একই ফল ভোগ করতে হবে।