ad
ad

Breaking News

Bangladesh

ঢাকায় ভরা সভার মাঝে আচমকাই বিস্ফোরণ, জখম একাধিক

ঘটনার পরই এনসিপি-র কর্মী-সমর্থকেরা সাভার থানার সামনে বিক্ষোভে সামিল হন।

savar-blast-national-citizens-committee-rally-bangladesh

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার রাতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত জনসভায় মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। ঘটনার প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনসিপি-র নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি নিয়েছে এনসিপি। তারই অংশ হিসেবে সোমবার ‘জুলাই পদযাত্রা’ শেষে সাভারে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। অভিযোগ, সভা চলাকালীন আচমকাই মঞ্চের সামনের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আহত চারজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই এনসিপি-র কর্মী-সমর্থকেরা সাভার থানার সামনে বিক্ষোভে সামিল হন। দলের অভিযোগ, প্রশাসনের মদতেই এই হামলা সংঘটিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, দলের কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঠেকাতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, ভয়ভীতি বা বিস্ফোরণের মাধ্যমে ‘জুলাই পদযাত্রা’ থামানো যাবে না।

বিস্ফোরণের ঘটনার পর ঢাকায় আরও একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এনসিপি। দলটি জানিয়েছে, হামলার পরেও তাদের পূর্বঘোষিত কর্মসূচি চলবে। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে নির্ধারিত ‘জুলাই পদযাত্রা’য় নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

তবে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত চলছে।