চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। অবশেষে আত্মপ্রকাশ করল ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেনস পার্টি – এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউ-তে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পথচলা শুরু করল এই দলটি। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করা হয়। এরপর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
দলের নেতৃত্ব গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে ১০টি শীর্ষ পদ চূড়ান্ত করা হয়েছে, যেখানে শেষ মুহূর্তে আরও তিনটি পদ যোগ করা হয়। শীর্ষ নেতাদের তালিকায় রয়েছেন—
আহ্বায়ক: নাহিদ ইসলাম (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিয়েছেন)
সদস্যসচিব: আখতার হোসেন
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব
মুখ্য সমন্বয়কারী: নাসিরুদ্দীন পাটওয়ারী
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব: তাসনিম জারা ও নাহিদা সারওয়ার
যুগ্ম সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে আসেন। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
এই পরিবর্তনের পর, বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি প্রধানত হাসিনা-বিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে গঠিত হয়েছে। মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে ২০২৫ সালের শেষ দিকে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দলের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে এবং এটি দেশের রাজনৈতিক গতিপথ কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার বিষয়।