চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পদ্মাপারে। আওয়ামী লীগ নতুন করে রাজ্যটির ময়দানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা জারি রেখেছে। এর মাঝেই হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি জানাল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। শুধু হাসিনাই নয়, আওয়ামী লীগের আরো ১১ জন সদস্যের নাম রয়েছে সেই তালিকায়। বিদেশ থেকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ইউনুস সরকার।
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাল্টে গেছে রাজনীতির চিত্র। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পদচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতে, নয়াদিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন কূটনৈতিক আশ্রয়ে।
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু হঠাৎ মিছিল দেশের ভেতরে ও সামাজিক মাধ্যমে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভিডিও দেখে অনেককে শনাক্ত করে ধরা হচ্ছে, যদিও অনেকে এখনও ধরা ছোঁয়ার বাইরে। এদিকে, যেসব দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই দেশগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইউনুস সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, এই পথে শেখ হাসিনাকে দেশে ফেরানো খুব সহজ হবে না।
শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যাসহ শতাধিক মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৫ আগস্ট তিনি ক্ষমতা হারান এবং এরপর থেকেই তিনি দেশের বাইরে। ইউনুস সরকার ভারতের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করলেও এখনও সাড়া মেলেনি। এবার ইন্টারপোলের রেড কর্নার নোটিসের আবেদন নতুন মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।