Bangla Jago Desk: অতীতেও ভারতের উত্তরপূর্ব অঞ্চল নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই মন্তব্যকে ঘিরে বিতর্কও দেখা দিয়েছিল। বিদায়বেলায়ও সেই বিতর্ক কিছুটা পুনরুজ্জীবিত করলেন তিনি। নিজের বিদায়ী ভাষণে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব বোঝাতে গিয়ে উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য, অর্থাৎ ‘সেভেন সিস্টার্স’-এর কথা তুলে আনেন ইউনূস। তিনি বলেন, “আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়— এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে।”
উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ নিয়ে তার মন্তব্য নতুন নয়। গত বছরের মার্চ মাসে চিন সফরের সময়ও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য ওই অঞ্চলের গুরুত্ব তুলে ধরেন। সেই সময় তিনি বলেন, “সমুদ্রের (বঙ্গোপসাগর) একমাত্র অভিভাবক বাংলাদেশ।”
তিনি আরও ব্যাখ্যা করেন, ভারতের পূর্ব দিকে থাকা সাতটি রাজ্য—যেগুলোকে ‘সাত বোন’ বলা হয়, সেগুলো স্থলভাগে ঘেরা এবং সমুদ্রে পৌঁছানোর সরাসরি পথ নেই। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে চীনের জন্য বঙ্গোপসাগরে অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। তবে কেন বাংলাদেশের সমুদ্রপথকে কেন্দ্র করে উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ তিনি তুললেন, তা নিয়ে প্রশ্নও উঠেছিল। তখন উত্তরপূর্বের রাজ্য আসামের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও তাঁর মন্তব্যের নিন্দা করেছিলেন।