চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত জটিল। মেডিক্যাল বোর্ড জানিয়েছে, তিনি এক সঙ্কটময় মুহূর্ত পার করছেন। শনিবার রাতের দিকে খালেদাকে দেখতে হাসপাতালে যান বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
পরবর্তীতে মেডিক্যাল বোর্ডের সদস্য জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদার শারীরিক অবস্থার উন্নতি এখনও সম্ভব নয়। তিনি বলেন, “ওঁর অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সঙ্কটময় মুহূর্ত পার করছেন।” ভর্তি হওয়ার পর থেকে খালেদার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হয়। এজন্য তাকে সাধারণ কেবিন থেকে প্রথমে সিসিইউ-তে এবং পরে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
খালেদার চিকিৎসার জন্য দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্যতম সদস্য জেড এম জাহিদ হোসেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য। খালেদার পুত্রবধূ জুবাইদা রহমানও বোর্ডের সদস্য এবং বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে খালেদার শারীরিক জটিলতার কারণে বিদেশে নেওয়া সম্ভব হয়নি।
তারেক রহমান ১৭ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে যান। বৃহস্পতিবার প্রথমবারে ও শনিবার রাতে তিনি হাসপাতালে যান এবং প্রায় দুই ঘণ্টা থাকার পর রাত ১২টা নাগাদ (স্থানীয় সময়) হাসপাতাল ত্যাগ করেন।
খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে শ্বাসকষ্টের কারণে ভর্তি করা হয়েছিল। পরে একাধিক সমস্যা ধরা পড়ে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, কিডনির জটিলতা, নিউমোনিয়া, হৃদ্যন্ত্রের সমস্যা এবং ফুসফুসের জটিলতা। বার্ধক্যজনিত কারণে এবং একাধিক রোগের মিলনে চিকিৎসা করা জটিল হয়ে দাঁড়িয়েছে।