ad
ad

Breaking News

Khaleda Zia

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, হাসপাতালে চিকিৎসাধীন

৮০ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করেছে বার্ধক্যজনিত অন্যান্য অসুস্থতা।

khaleda-zia-critical-health-update-bangladesh

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ঢাকার একটি হাসাপাতালে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাকে ‘অত্যন্ত সঙ্কটজনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খালেদার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং সঙ্গে নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যাও তৈরি হয়েছে।

৮০ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদের শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করেছে বার্ধক্যজনিত অন্যান্য অসুস্থতা। হাসপাতালের সূত্রে জানা গেছে, খালেদার কিডনি ও লিভারে আগের রোগ রয়েছে। এছাড়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসও তার শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। চিকিৎসকরা বয়সজনিত ঝুঁকি এড়াতে অত্যন্ত সতর্কভাবে চিকিৎসা প্রদান করছেন।

তারেক রহমান, যিনি বর্তমানে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শনিবার সকালে সমাজমাধ্যমে খালেদার আরোগ্য কামনায় সকলকে দোয়া করার অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, দেশে ফিরতে না পারায় তিনি ব্যক্তিগতভাবে মায়ের স্নেহস্পর্শ পেতে পারছেন না। তবে রাজনৈতিক পরিস্থিতি অনুমোদন দিলে তিনি দেশে ফিরে যাবেন।

খালেদার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদল গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান। আলোচনা চলছে, প্রয়োজন হলে খালেদাকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। বর্তমানে খালেদা করোনারি কেয়ার ইউনিট (CCU)-তে আছেন এবং তার সুষ্ঠু চিকিৎসার জন্য সর্বোচ্চ যত্ন নেওয়া হচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসও তার শারীরিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিএনপি নেতৃত্বও খালেদার দ্রুত সুস্থতার জন্য সকল প্রকার সহায়তা প্রদান করছে।