গ্রাফিক্স
Bangla Jago Desk: ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই বড় পদক্ষেপ নিল ঢাকার অন্তর্বর্তী সরকার। ভারতীয় নাগরিকদের জন্য আপাতত ‘ট্যুরিস্ট ভিসা’ বা পর্যটক ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুস প্রশাসন। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে (India-Bangladesh)।
সূত্রের খবর, নিরাপত্তার কারণ দেখিয়েই ভারতীয়দের জন্য পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে। এর আগে দিল্লি ও আগরতলার দূতাবাসগুলি এই পরিষেবা বন্ধ রাখলেও, কলকাতার উপদূতাবাস থেকে সীমিত পরিসরে পর্যটক ভিসা দেওয়া হচ্ছিল। এবার সেই পথও বন্ধ হয়ে গেল। তবে পর্যটক ভিসা বন্ধ হলেও নিম্নোক্ত ক্ষেত্রগুলিতে ছাড় দেওয়া হয়েছে। কর্মসূত্রে বা ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাতায়াতকারী ভারতীয়রা আগের মতোই ভিসা পাবেন। কড়া যাচাইকরণের মাধ্যমে সাংবাদিকদের জন্য ভিসা প্রক্রিয়া চালু রাখা হয়েছে (India-Bangladesh)।
আবহাওয়াবিদদের মতে নয়, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে— বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলেই ঢাকার এই সিদ্ধান্ত। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দিল্লির সঙ্গে বিদ্যমান শীতল সম্পর্কের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কলকাতার উপদূতাবাস বা দিল্লির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
গত জুলাই মাসের ছাত্র আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন— একের পর এক ঘটনায় বাংলাদেশ এখনও উত্তপ্ত। সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়িয়েছে। পাশাপাশি, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হিংসা ও অস্থিতিশীলতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারতীয়দের ভিসা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ঢাকা (India-Bangladesh)।