ad
ad

Breaking News

Bangladesh

আবারও টার্গেট সংখ্যালঘু যুবক? বাংলাদেশে পুড়িয়ে মারা হল ভিতরে ঘুমন্ত যুবককে

নরসিংদী সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দোকানের আশপাশে কয়েক জনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

bangladesh-brutal-killing-in-narsingdi-sleeping-youth-burnt-alive

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলাদেশে নৃশংস অপরাধের ঘটনা ক্রমশ উদ্বেগজনক আকার নিচ্ছে। ফের এক যুবককে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবারে ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। নিহত যুবকের নাম চঞ্চলচন্দ্র ভৌমিক। তিনি কুমিল্লার বাসিন্দা হলেও নরসিংদীর একটি গাড়ির দোকানে কাজ করতেন। অভিযোগ, গভীর রাতে ঘুমন্ত অবস্থাতেই তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেট সংলগ্ন একটি গাড়ির দোকানে শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে দোকানেই ঘুমোচ্ছিলেন ২৩ বছরের চঞ্চল। শনিবার ভোরে দোকানের ভিতর থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই দোকানের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হয়নি। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নরসিংদী সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দোকানের আশপাশে কয়েক জনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দোকানের মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত চলছে।

হত্যার নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবেই দোকানের শাটারের নীচে আগুন ধরিয়ে দেওয়া হয়। দোকানের ভিতরে পেট্রল ও মবিল মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। অনেকের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত খুন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বলে অভিযোগ উঠছে। এ বিষয়ে ভারত সরকারও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাস নামে এক যুবককে খুনের পর তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পর শরীয়তপুরে খোকন দাসকে কুপিয়ে হত্যা করা হয়। একের পর এক এই ধরনের ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।