ad
ad

Breaking News

Bangladesh Election

দীর্ঘ জল্পনার অবসান! বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

bangladesh-12-february-national-election-july-referendum

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: নির্বাচন নিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটল। অবশেষে বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬। ভোটগ্রহণ সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত চলবে। 

গত বছর দেশের রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছিল কোটা বিরোধী আন্দোলনের কারণে। ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে অশান্তির কারণে ভারতে আশ্রয় নিতে হয়। তিন দিনের মধ্যে, অর্থাৎ ৮ অগাস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরপর থেকেই বাংলাদেশে নির্বাচন নিয়ে জল্পনা চলছিল। জুন–জুলাই ২০২৬ নাগাদ নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ইউনুস। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাস পরই এই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবেন। তবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭.৩০টা পর্যন্ত প্রচারণা চলার পর নির্বাচনী বিধি কার্যকর হবে। বর্তমানে বাংলাদেশে ১২ কোটি ৭৬ লক্ষের বেশি ভোটার রয়েছেন।

শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে। সেসময় শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন। তবে বিএনপি ও অন্যান্য বিরোধী দল তখনই নির্বাচনকে বিতর্কিত দাবি করে এবং স্বচ্ছ নির্বাচনের আহ্বান জানায়। এরপর কয়েক মাসের মধ্যে রাজনীতিতে পালাবদল ঘটে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফলে জানা গেছে, শেখ হাসিনার দল এই নির্বাচনে অংশ নিতে পারবে না।